
আওয়াজ অনলাইন : চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। সবাইকে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে আসার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।
অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার ও আশেপাশের এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনার জানান, অমর একুশে পালন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তল্লাশি ছাড়াও কাজ করবে ডগস্কোয়ার্ড ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, “এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, জঙ্গিদের কোনো ধরনের হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারপরও পুলিশ সব ধরনের হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে দিবসটি পালনের বিস্তারিত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল। শহীদ মিনার চত্ত্বরে ব্যানার-ফেস্টুন না টাঙানোর অনুরোধ তার।
ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই রাষ্ট্রীয় কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে রাত সাড়ে বারোটা থেকেই সবার জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার ২১ বার পুষ্পস্তবক অর্পণের ছবিগুলো নিয়ে প্রদর্শনীও হবে দিনভর।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো