কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত ও আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দীপ আজাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতন, হয়রানি ও সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকদের দায়িত্ব পালন কালে যারা বাধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না।’
-আল আমিন সেলিম-