
নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অঙ্গীকার যথাযথভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশবাসী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে।
মেজর (অব.) আবদুল মান্নান এমপি বুধবার দুপুরে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নামোল্লেখ না করে তিনি বলেন, তবে নির্বাচনে একটি বড় দলের অংশগ্রহণ এখনও অনিশ্চিত হওয়ায় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে কিছু সংশয় থাকতেই পারে।

উল্লেখ্য যে, ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ২৫ নবেম্বর শনিবার পর্যন্ত চলবে। একই দিন বিকেল ৪টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ১৯০-ঢাকা-১৭ ও ৬৫-সিরাজগঞ্জ-৪ আসনে, মো. হোসাইন সরকার ২৫৫-কুমিল্লা-৭ আসনে এবং বাংলাদেশ নাগরিক জোট ( বিএনজে) মহাসচিব মো. কামরুজ্জামান সিমু ২৩৬-মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান