প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ
কক্সবাজারে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ৬ জন নিহত

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছ উপড়ে, নৌকাডুবে ও ঘরের দেওয়াল চাপায় ৬ জন নিহত হয়েছেন ৷ সেই সাথে ক্ষতি হয়েছে ফসলের।
শুক্রবার দুপুরের পরে কক্সবাজারের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি ৷ এর আগে গত দুদিন ধরে কক্সবাজারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়৷ বৃষ্টিতে শুক্রবার ভোর রাতে টেকনাফের হ্নীলায় ঘরের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছিল।
নিহতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে সাইদুল মোস্তফা (২০) ও মেয়ে নিলুফার বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।
অপরদিকে নিহত হন, সাঈদ মাহমুদ ও আমির হোসেন কামাল। সাঈদ মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে নিজ বাড়িতে গাছ উপড়ে ও কামাল সদরের চৌফলদন্ডি এলাকায় নদীতে নৌকা ডুবে মারা যান।
গতকাল শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ের কবলে পড়ে সাঈদের বাড়িতে একটি গাছ উপড়ে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় সাগর থেকে ফেরার সময় নৌকাডুবে আমির হোসেন কামাল নিখোঁজ ছিলেন, পরে শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ৩২ জন মাঝি-মাল্লাসহ দুটি ফিশিং ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।
কক্সবাজারে মিধিলির প্রভাবে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের আঘাতে মহেশখালীতে ২০ হেক্টর পানের বরজ, ১৪৫ হেক্টর আমন ধান, ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ১১ হেক্টর সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে।
এদিকে শনিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ টেকনাফ ছেড়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানান, দুদিন ধরে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করা পর্যটকদের জাহাজে করে শনিবার বিকেলে টেকনাফে নিয়ে আসা হবে। সাগরে প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গত দুদিন সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.