প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২১, ৯:৫১ পি.এম
১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন

রবিউল হাসান লায়ন: আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় আগামী সেপ্টেম্বরের শুরু থেকেই জামালপুরে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ ও সকল সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পর্যায়ক্রমে থানা কমিটিরও সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতিকে গতিশীল করতে সম্মেলনের কোনো বিকল্প নেই।
তাই অতি দ্রুত সময়ের মধ্যে সম্মেলন শেষ করার সিদ্ধান্তও নিয়েছেন তারা। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান এমপি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, আমার জানামতে এই প্রথম জামালপুরে পৌর আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। সম্মেলনকে সামনে রেখে ইতি মধ্যে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.