
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর গোসল করার দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করেন সাগর নামে এক যুবক। পরেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুবে ছড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা থানায় অভিযোগ করলেও বিষয়টি আমলে নিচ্ছে না থানা পুলিশ। ফলে আত্মহত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী স্কুলছাত্রী।
অভিযোগ উঠেছে, গত ৯ আগস্ট বিকেলে টিন দিয়ে ঘেরা ওয়াশরুমে গোসল করছিল ভুক্তভোগী মেয়েটি। ওই সময় গোপনে তার গোসলের দৃশ্য ধারণ করেন সাগর। মেয়েটি একপর্যায়ে বিষয়টি বুঝতে পারে । তখনই সে সাগরের ওপর চড়াও হয়। একপর্যায়ে কৌশলে ঘটনাস্থল থেকে সাগর পালিয়ে যান। পরে একই দিন থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযুক্ত সাগর উপজেলা দেবডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদুল ইসলাম। ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, ‘আমার মা নেই, তিনি অনেক আগেই বাবাকে ছেড়ে অন্যর সঙ্গে চলে গেছেন। বাবা থেকেও নেই। বাবাও আরেকটা বিয়ে করে সেখানেই থাকেন। আমি দাদার কাছে থাকি। আমার সঙ্গে যা ঘটেছে, আমি এই ঘটনার বিচার চাই। পুলিশ যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে আমি আত্মহত্যা করব।’
মেয়েটির দাদা বলেন, ‘থানায় অভিযোগ করার ১২ দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থায় নিচ্ছে না। পুলিশ কেন এমন করছে জানি না। আমার নাতনি খুব কান্নাকাটি করছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত সাগরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানতে চাইলে সারিয়কান্দি থানার উপপরিদর্শ (এসআই) কাজী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়ার পরপরই ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।