
এইচ এম কাওসার মাদবর: আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাস খাদে পড়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই কর্মকর্তা চিনা নাগরিক, দোভাষী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। পুলিশ নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে। জানাগেছে, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীর সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল
হাসান ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-হ-১৩-১৫৭৪) যোগে তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসতেছিল। পথিমধ্যে আমতলী - পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নিহতদের
মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত গাড়ী চালক মোঃ মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসানের বাড়ী ঢাকার গুলশান। তার বাবার নাম মোঃ আনিসুর রহমান। আহত গাড়ী চালক মোঃ মুসা মৃধার বাড়ী পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম মৃধা।