প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ১১:২০ পি.এম
জামালপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রবিউল হাসান লায়ন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, যিনি সেনা প্রধান হয়েছিলেন সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি জানাচ্ছি। শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা জাতির পিতার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, যারা শৃংখল ভাঙার স্বপ্ন দেখেনি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সংসদে বিল আকারে পাস করেছেন। এটি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছে পদাধিকার বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, যারা এই আর্থিক সহায়তা পাননি তারা পর্যায়ক্রমে পাবেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, পুলিশ সুপার নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, জামালপুর জেলায় বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত ৫৪ জন সাংবাদিকদের জন্য ৯ লাখ ২০ হাজার টাকার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.