
বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি : প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা প্রতিরোধে সরকার গণটিকার কার্যক্রম শুরু করেছে। এ গণটিকা নিতেও জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিতে নির্ধারিত স্থানগুলোতে ভীড় করছেন। চলমান প্রেক্ষাপটে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার ঘোষিত চলমান গণটিকা কার্যক্রমে
উপজেলাবাসী ব্যাপক আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করছেন। সকাল থেকেই টিকা নিতে মানুষজন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছেন। চিকিৎসা সহকারীরা যার-যার কাগজপত্র দেখে টিকা দিচ্ছে। এছাড়াও একই চিত্র দেখা গেছে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত টিকা প্রদান কেন্দ্রগুলোতে। গণটিকা নিতে আসা মানুষজনের ছিলো উপচে পড়া ভীড়। এরমধ্যে সরকারের নির্দেশিত বয়স অনুয়ায়ী যুবক-যুবতীদের আগ্রহ ছিলো সবচেয়ে লক্ষণীয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় টিকা নিয়েছেন ১৭ হাজার ৭শত ১২জন। এরমধ্যে ১ম ডোজ গ্রহণ করেছে ১২ হাজার ৮শত ৯০ জন এবং ২য় ডোজ গ্রহণ করেছে ৪ হাজার ২শত ৬১ জন। এছাড়াও উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে নিবন্ধনের জন্য ভীড় জমাচ্ছেন নিবন্ধনকারীরা। যাদের নিকট স্মর্টফোন রয়েছে তার নিজেরাই মোবাইলের মাধ্যমে নিবন্ধন করছেন। বাড়ীর আশপাশের মানুষ ও আত্মীয়-স্বজনদেরও নিবন্ধন করে দিচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গণটিকা নিতে আসা, মো. আবুল হোসেন
(৬০), মো. টিটু আহমেদ (৩০), মোছা. সাজেদা বেগম (৫৫) বলেন, করোনা থেকে রক্ষা পেতে এ টিকা নিতে এসেছি। এসে দেখলাম সবাই আগ্রহের সাথে টিকা নিচ্ছে। অতিরিক্ত ভীড়ের কারণে টিকা নিতে একটু সময় লেগেছে। টিকা নিতে আসা প্রণয় ও ফিরোজা বেগম একই কথা জানালেন। তারা এ টিকা গ্রহণ করার জন্য সবাইকে আহবান জানান এবং সরকারকে এ উদ্যোগ গ্রহণে ধন্যবাদ জানান। এদিকে এ উপজেলার ঠান্ডা জ্বরের প্রকোপ বাড়ায় বাজারে ভিটামিন সি জাতীয় ফলের ব্যাপক চাহিদা বেড়ে গেছে। ফার্মেসিগুলোতেও ঔষেধ নিতে মানুষের ভীড়
পড়েছে। সচেতনমহল বলছেন, আমরা যদি টিকা নেয়ার পাশাপাশি আরও সচেতন না হই তাহলে এ টিকা নিয়েও কোন কাজ হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, সারাদেশের ন্যায় এ উপজেলায় গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। সবাই আগ্রহের সাথে টিকা গ্রহণ করছেন। আমরা সব সময়ই তদারকি করছি। সবাই যেন সুষ্ঠুভাবে টিকা গ্রহণ করতে পারেন। এ পর্যন্ত উপজেলায় টিকা গ্রহণ করে কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সবাইকে টিকা নেয়া জন্য আহবান জানানো হচ্ছে।