প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ৬:৪১ পি.এম
শ্রীপুরে কঙ্কালসহ কঙ্কাল চোর আটক

আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ কে বা কারা রাতের অন্ধকারে কবর থেকে বেশ কিছুদিন যাবত কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছিলো। এরকম কান্ড কে বা কারা কেন করছিলো এর কুনো উত্তর খুঁজে পাচ্ছিলো না এলাকাবাসী। অবশেষে সেই কঙ্কাল চোর ধরা পড়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজীর পারিবারিক কবরস্থান হতে কঙ্কাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে জাকির হোসেন নামের এক কঙ্কাল চোর।এসময় তার সাথে থাকা তার দুই সহযোগী রাজন এবং মজনু পালিয়ে যায়। কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় ওই চোরকে আটক করে স্থানীয় জনতা।
আটক জাকির হোসেন (১৯) সুনামগঞ্জের তাহেরপুর থানার চরের পাড় গ্রামের মো. কাশেম আলী ছেলে। জাকির তার সহযোগীদের নিয়ে চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতো। স্থানীয় মো. আতাবুল্লাহ্ জানান, আজ ভোরে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখা যায়। এসময় তাদের ব্যাগে কী আছে জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পেছনে ধাওয়া করে জাকিরকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় জাকিরের ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.