প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১:১৭ এ.এম
বগুড়ার শেরপুরে কীটনাশক পানে স্বামীর মৃত্যু, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের দুই মাসের মাথায় কীটনাশক পান করে আতিকুর রহমান রকি নামে এক যুবক আত্মহত্যা করেছেন। অন্যদিকে স্বামীকে কীটনাশক সেবনরত অবস্থায় দেখে স্ত্রীও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রকির মৃত্যু হয়। এর আগে শুক্রবার
বিকেলে কীটনাশক পান করেন রকি। রকি উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রকি ও তার স্ত্রী আরিফার মধ্যে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। বিকেলে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক সেবন করেন রকি। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা তার কীটনাশক সেবন করার বিষয়টি
বুঝতে পারেন। ওই সময় তার স্ত্রী আরিফাও নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে (আরিফা) পরিবারের সদস্যরা উদ্ধার করেন। অন্যদিকে রকিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখান রকির অবস্থার অবণতি হলে রাতেই তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। পরে শনিবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে। প্রায় দুইমাস আগে রকি ও আরিফার বিয়ে হয়। তারা প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। শেরপুর থানা ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রকির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.