প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ১২:২০ এ.এম
সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে তথ্য চেয়েছে কুবি

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে শিক্ষার্থীদের নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১২ জুলাই) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জুলাই (শুক্রবার) এর মধ্যে টিকাদানের জন্য শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের একটি কপি স্ব-স্ব বিভাগীয় প্রধানের কাছে জমা দিতে হবে। এছাড়া যাদের নিজস্ব জাতীয় পরিচয় পত্র নেই তাদেরকে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে 'নতুন নিবন্ধন' অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরন করে পূরণকৃত প্রাপ্ত 'ফরম-২' এর পিডিএফ প্রিন্ট করে নিতে হবে। এরপর তা স্বাক্ষরিত ও সত্যায়ন করে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সাথে বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রের কপি সংযুক্ত করলে অগ্রাধিকার ভিত্তিতে ঐ শিক্ষার্থী জাতীয় পরিচয় পত্র পাবে বলে জানায় কুবি কর্তৃপক্ষ।
টিকাদানে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ শেষ করে বিভাগীয় প্রধান ৩১ জুলাই তা রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবে। উল্লেখ্য, এর আগে হল প্রভোস্টদের কাছ থেকে ৫১৮ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা গ্রহন করা হয়। সেই সাথে অনাবাসিক শিক্ষার্থীদেরও কোভিড-১৯ প্রতিরোধে টিকাদানের আওতায় আনতে কাজ শুরু করে কুবি প্রশাসন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.