প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ১০:১৩ পি.এম
পাবনার প্রথম মন্ত্রী মির্জা আব্দুল হালিমের ইন্তেকাল

রাউজ আলী: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মির্জা আব্দুল হালিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটায় জন্মস্থান পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পারিবারিক ও রাজনৈতিক সুত্র জানায়,
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ট সহকর্মী মির্জা আব্দুল হালিম তৎকালীন পাবনা- (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের ২৪ নভেম্বর থেকে ১৯৮১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমানের মন্ত্রীসভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন পাবনা জেলার প্রথম মন্ত্রী। মির্জা আব্দুল হালিম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্নেহধন্য ছিলেন। জনপ্রিয় ফুটবল
খেলোয়াড় হিসেবে তাঁর বেশ সুনাম ছিল। তিনি ভিক্টরিয়া ক্লাবের হয়ে খেলতেন। তাঁর বড় ভাই পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম মির্জা আব্দুল আওয়াল ছিলেন একই সংসদের (জিয়াউর রহমানের সময়কালের সংসদ) বেড়া-সাঁথিয়া সংসদীয় আসনের এমপি। তাঁর আরেক ভাই হলেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান সাবেক সচিব ড. মির্জা আব্দুল জলিল।
অন্যভাই মির্জা আব্দুস সাত্তার বাংলাদেশের কৃষক আন্দোলনের নেতা ছিলেন। তার ভগ্নিপতি প্রখ্যাত বামপন্থি নেতা কমরেড টিপু বিশ্বাস। শুক্রবার বাদ আছর জয়নগর ফুটবল মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.