প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৬:৩০ পি.এম
বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পন অনুভূত !!

এম.এ রাশেদ,বগুড়া: বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা লখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ভুটান থেকেও এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকার আগারগাঁও থেকে ২৪২ কিলোমিটার উত্তরে ভারতের লাখিপুরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। আজ সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পটি হয়।
সকাল সকাল ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে বলে দেশের বিভিন্ন স্থানের খবর গণমাধ্যমে এসেছে। বগুড়ায় সকাল ৯ টা ১৬ মিনিটে শুরু হয় ভূমিকম্প। মৃদু এ কম্পন ছিল ৭ থেকে ১০ সেকেন্ড। সকালে কর্মস্থলে যাওয়ার ব্যস্ততার মাঝে ভূমিকম্পে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জয়পুরহাটে জানা গেছে, মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পাঁচবিবির আটাপাড়া গ্রামের বাসিন্দা বকুল হোসেন বলেন, ‘খাটে শুয়ে ছিলাম। হঠাৎ দেখি খাট নড়াচাড়া করছে। এতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে।
কুষ্টিয়ায় ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর থেকে বাইরে ছুটে যায়। আবার ভূকম্পন হতে পারে—এ আশঙ্কায় বেশ কিছু সময় তারা বাইরে অবস্থান করে। এই ভূমিকম্পের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ কম্পিত হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.