হোম » প্রধান সংবাদ » বগুড়ায় পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ !!

বগুড়ায় পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ !!

এম.এ রাশেদ: বগুড়ার শেরপুরে পূর্ব শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তিন লক্ষাধিক টাকার মাগুর মাছের পোনা মরে গেছে। এ ঘটনায় রবিবার (৪ জুলাই) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের ক্ষিকিন্দা গ্রামে সোহাগ আলমের ৩৬ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটিতে তিন লাখ টাকার মাগুর মাছের পোনা ছাড়া হয়। মাছগুলোর বয়স ২৫-৩০ দিন হয়েছিল। শনিবার (৩ জুলাই) দিনের বেলায় হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।
ওইদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে করে তিন লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী মাছচাষি সোহাগ আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী বাদশা সেখের ছেলে রনি সরকার আমার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করেন। পরবর্তীতে ওই চক্রটির বিরুদ্ধে আমি মামলা করে। এরপর থেকে তাদের সঙ্গে চলা বিরোধ আরও মারাত্মক আকার ধারণ করেছে।
এরইমধ্যে চার থেকে পাঁচদিন আগে রনিসহ অন্যান্য আসামিদের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়া হয়। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধন করার হুমকিও দেন তারা। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় পুকুরটিতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রনি সরকার। তিনি বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি নিশ্চিত না হয়েই তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসঙ্গে বিষ দেয়া ওই পুকুরটির পানি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!