
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে ইব্রাহীম (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর নির্যাতন করার খবর পাওয়া গেছে। ঘটনার ২৪ ঘন্টা পর বুধবার দুপুরে উপজেলা বাজারের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় অভিযান চালিয়ে অপহৃতকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
অপহৃত ইব্রাহীম আড়াইহাজার হাইজাদি ইউনিয়নের ইলমদী এলাকার আব্দুল খালেকের ছেলে, সে একজন চালের ব্যবসায়ী। এর আগের দিন মঙ্গলবার দুপুরে ইলমদী কান্দাপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে এনামুল তাকে পাওনা টাকা পরিশোধ করার কথা বলে মোবাইলে ফোনে আড়াইহাজার পৌরসভা বাজারের ফল পট্টিতে আসতে বলে। সেখান থেকে তাকে কৌশলে অপহরণ করা হয়। ব্যবসায়ী এনামুলের কাছে ইব্রাহীম ১ লাখ টাকা পাওনা ছিল বলে জানা গেছে। ওই টাকা পরিশোধের জন্য এনামুলকে চাপ দিচ্ছিল ইব্রাহিম। এজন্য ক্ষোভে এনামুল কয়েকজনকে সঙ্গে নিয়ে এ কাজ করেছে।
অপহৃতের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, মঙ্গলবার দুপুরে ইব্রাহীম চাল কেনার জন্য উপজেলার বাজারে আসলে তাকে একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখে। এসময় তাকে ব্যাপক মারধর করা হয়। ইব্রাহিমকে খুঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
সকালে স্থানীয় লোকজন ভবনের ভেত থেকে কান্নার শব্দ পেয়ে সেখানে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, এনামুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক