হোম » প্রধান সংবাদ » আজ বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হল কঠোর বিধিনিষেধ

আজ বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হল কঠোর বিধিনিষেধ

আওয়াজ অনলাইনঃ  শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা থেকে, করোনাভাইরাসের চলমান উচ্চ সংক্রমণ রোধে ঘোষিত কঠোর বিধিনিষেধ। বুধবার জারিকৃত এক প্রজ্ঞাপনে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ চলবে বলে জানায় সরকার। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই তাকে গ্রেপ্তার করা হবে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কঠোর বিধিনিষেধ সফল করতে সারাদেশে আজ সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), উপকূলীয় এলাকায় কোস্টগার্ড। এছাড়া পুলিশ ও র‍্যাবের নিয়মিত কার্যক্রম তো রয়েছেই।

সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং ভারতে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশেও আশঙ্কাজনভাবে বিস্তার লাভ করার প্রেক্ষিতে দেশে একইসাথে শনাক্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ আট হাজার ৮২২ জন নতুন করে শনাক্ত হয়েছে। এদিকে তিনদিন পূর্বেই করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয় দেশে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে দেশের সবরকম গণপরিবহন, নৌপথ, রেলপথ, আকাশপথে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জরুরী সেবা ব্যতীত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশে বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যে উদ্বেগের পর্যায়ে রয়েছে তা বোঝা যায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত থেকে। এর আগে গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হবার পর সরকার ঘোষিত সাধারণ ছুটিতে প্রথমবারের মতো সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত ১৫ মাসে দেশে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। একইসময়ে মৃত্যুবরণ করেছেন মোট ১৪ হাজার ৫০৩ জন। এসময়য় দেশে করোনা সংক্রমণের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

তবে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী। এবছরের ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণহারে টিকাকরণ কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে ভারত থেকে টিকা সরবরাহ বন্ধ হয়ে যাবার প্রেক্ষিতে ২৬ এপ্রিল থেকে টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। এসময়য় বাড়ির বাহিরে বের না হওয়ার নির্দেশনা থাকলেও টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহীতারা টিকাকেন্দ্রে যেতে পারবেন। বৃহস্পতিবার সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ায় তুলনামূলক কার্যকরভাবেই চলছে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের প্রথম প্রহর।

আজ সকাল থেকেই রাস্তায় সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া কঠোর বিধিনিষেধে প্রশাসন ক্যাডারের ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!