প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৯:৪০ পি.এম
কুবির ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাশ

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০তম সিন্ডিকেট সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের জন্য ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট পাশ হয়েছে। রবিবার (২৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এর আগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৮তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ৫১ কোটি ৮৩ লক্ষ এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট ৫৭ কোটি ০১ লক্ষ টাকা অনুমোদন করা হয়। সংশোধিত বাজেট ২০২০-২১ এর তুলনায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট সামগ্রিকভাবে ১০% বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থ বছরের সরকারের বরাদ্দ
২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ১৮% বৃদ্ধি পেয়েছে। শিক্ষার মান উন্নয়ন, গবেষনা জ্ঞান বৃদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশের ক্ষেত্রে বেশি বরাদ্দ প্রদান করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০%, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০%, গবেষণা খাতে ২৫% বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে শিক্ষার্থীদের জন্য বৃত্তি/মেধা বৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বাজেট বিষয়ে বলেন, 'এই মহামারীর সময়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আশা করি আমরা এই বাজেটের সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারবো। গতবছরের বাজেটের প্রায় ৯০% পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম। করোনাকালীন সময়ে কিছু কিছু ক্ষেত্রে বাধা থাকে। ইউজিসি এই ধরনের বাজেটে সাধারণত শিক্ষক ও কর্মচারীদের বেতন দিয়ে থাকে। আর বেতনটা জীবিত থাকলে সবাই পেয়ে যাবে। বাকি যা থাকে তা উন্নয়নের জন্য। আর উন্নয়ন বলতে বিভিন্ন ডিপার্টমেন্টের ফার্নিচার, ইন্সট্রুমেন্ট এসবেই চলে যায়।'
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.