প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ৬:২৫ পি.এম
হাবিপ্রবি’র নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১০ লাখ টাকার তার চুরি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন দশ তলা ভবনের স্টোর রুম থেজে ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম বলেন, স্টোর রুম থেকে ২৪৬ কয়েল তার চুরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন দশ তলা ভবনের স্টোর রুমের দরজার হাতল ভাঙা। তালা না ভাঙতে পারলেও দরজার হাতল ভেঙে গত রাতে ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১.৫ কালো ৭৫ কয়েল, ১.৫ লাল ২৬ কয়েল, ২.৫ লাল ১০০ কয়েল এবং ২.৫ কালো ৪৫ কয়েলসহ সর্বমোট ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে নির্মাণাধীন দশ তলা ভবনের প্রকল্প ম্যানেজার রানা
সেন বলেন, আজ সকালে এসে দেখি স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে কিছু তার চুরি হয়েছে। আমরা খতিয়ে দেখছি কিভাবে তারগুলো চুরি হলো। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না। তারগুলো চুরি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। তাদের নিজস্ব সিকুরিটি গার্ড ছিলো সেখানে।সুতরাং তাদেরকেই তার চুরির দায়ভার নিতে হবে'। উল্লেখ, এর আগেও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান কম্পিউটারের ল্যাব ও আবাসিক হল থেকে চুরির ঘটনা অহরহ ঘটেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.