
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা হতে শুক্রবার (২ জুলাই) রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধি-নিষেধ চলবে। লালমনিরহাট জেলা শহরে প্রবেশ করতে ৭টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তা হলো- চাঁদনী বাজার মোড়, বিডিআর ক্যান্টিন মোড়, সাকোয়ার মোড়, পুঁটিমারীর দোলা, নয়ারহাট-বানিয়ার দীঘি মোড়, কার্জিটারী মোড়, ঠাকুরের মাল্লি ব্রীজ। এই স্থানগুলো কঠোর বিধি-নিষেধ যতদিন চলবে ততদিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৪ জুন) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর। লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু হার বাড়ায় বিধি-নিষেধ জারি করা হয় লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধি-নিষেধের কারণে লালমনিরহাট সদর পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।
কেউ এই কঠোর বিধি-নিষেধের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু জাফর সাংবাদিকদের বলেন, জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বিষয়ে পর্যালোচনায় পরিলক্ষিত হয় লালমনিরহাট পৌরসভায় সবচেয়ে বেশি সংক্রমিত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিবেচনা করে কারিগরি কমিটির সুপারিশে আমরা ৭দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছি। এ আদেশ বাস্তবায়নের জন্য শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবেন।