
আওয়াজ অনলাইনঃ কঠোর লকডাউনে’ মাঠে নামছে সেনাবাহিনী-পুলিশ-র্যাব-বিজিবি,পুলিশ কাউকেই ছাড় দেবে না, ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত শনিবার।
সারাদেশে সোমবার (২৮ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কঠোর লকডাউন’ দিচ্ছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নামবে পুলিশ, র্যাব, বিজিবি। একই সঙ্গে মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।
‘লকডাউনে পুলিশ কাউকেই ছাড় দেবে না’
গতবার লকডাউনে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে সড়কে বের হয়ে পার পেয়ে গেছেন। কিন্তু এবার লকডাউন ঘোষণার পর কেউ লঙ্ঘন করলে পুলিশ ছাড় দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন।
করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া দেশজুড়ে আগামী সোমবার (২৮ জুন) সরকার কঠোর লকডাউন ঘোষণা করতে যাচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের কড়া চেকপোস্ট থাকবে। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে মাঠে থাকবে পুলিশ।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।
ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত শনিবার
করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় দেশজুড়ে ব্যাংক খোলা থাকবে না বন্ধ হবে আগামীকাল শনিবার (২৬ জুন) সিদ্ধান্ত জানা যাবে। শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে ব্যাংক খোলা সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে না বন্ধ হবে সেই বিষয়ে শনিবার জানা যাবে।
লকডাউনের আওতামুক্ত থাকবে গণমাধ্যম
কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। তবে গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।