প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৬:১৮ পি.এম
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪৮৪ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (২১শে জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক শাহারা ইয়াছমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার বেলা সাড়ে ১২টার সময় সদর উপজেলার হাতিকাটা মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চুয়াডাঙ্গা পৌরশহরের পুরাতন মল্লিকপাড়ার মৃত আশকার আলীর ছেলে একাধিক মাদক মামলার আসামি আসলাম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির দখল হতে ৪০০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
একইদিন বেলা ২টার সময় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে অপর একটি টিম উপরিউক্ত একই স্থানে অভিযান চালিয়ে ৮৪ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ সদর উপজেলার হাতিকাটা গ্রামের স্কুলপাড়ার রবিউল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে লালন হোসেন (৩৫) এবং আলুকদিয়া নওদাপাড়ার নিয়ত আলীর ছেলে আইয়ুব আলী (৩৮)-কে গ্রেফতার করা হয়। উপরিউক্ত এসব ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি'র মাধ্যমে উপরিউক্ত বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.