প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২১, ৩:১৭ পি.এম
দিনাজপুর সদরে কঠোর লকডাউনেও চলবে হাবিপ্রবির সশরীরে পরীক্ষা

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউন ঘোষিত হলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ও স্নাতকোত্তরের চলমান এবং পূর্ব ঘোষিত সকল পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সোমবার (১৪ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে ডিনদের নিয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, দিনাজপুরে পূর্বের যেকোন সময়ের তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধি এবং দিনাজপুর
সদরে লকডাউন ঘোষিত হলেও পূর্ব ঘোষিত এবং চলমান সকল পরীক্ষা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই সকল পরীক্ষা গ্রহণ চলমান থাকবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেনো অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা না করে,স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সর্বদা মাস্ক পরিধান করে। তিনি আরও জানান, এরপরও কেউ করোনা আক্রান্ত হলে সে পরবর্তীতে সর্ট সেমিস্টারে
পরীক্ষা দিতে পারবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামীকাল মঙ্গলবার (১৫জুন) সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।গতকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টা অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.