হোম » প্রধান সংবাদ » হাবিপ্রবিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরীক্ষা; বাকি শিক্ষার্থীদের বাসায় থাকতে নির্দেশ

হাবিপ্রবিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরীক্ষা; বাকি শিক্ষার্থীদের বাসায় থাকতে নির্দেশ

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীদের আবাসন সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থগিত পরীক্ষা গুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।
তিনি বিজ্ঞপ্তিতে বলেন, চলমান ব্যাচগুলোর জ্যেষ্ঠাতার ভিত্তিতে ফাইনাল পরীক্ষা সমূহ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ বন্ধ রয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকার মেসগুলিতে শিক্ষার্থীদের বাড়তি চাপ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে ফাইনাল পরীক্ষা সমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যে সকল শিক্ষার্থীদের সুনির্দিষ্ট পরীক্ষার তারিখ ঘোষিত হয়নি সেই সকল শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে পরিবারের সাথে নিরাপদে অবস্থান করার জন্য নির্দেশক্রমে বলা হলো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার জানান, শিক্ষার্থীদের আবাসন সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয় সেজন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে পরীক্ষা নেয়া হবে। উল্লেখ্য,গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে এক আলোচনা সভায় চলতি মাসের ১০ জুন থেকে সকল ব্যাচের স্ব-শরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় হাবিপ্রবি প্রশাসন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!