প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২১, ৩:২৭ পি.এম
উদ্বোধনের ৫ মাস পরও কাজ শেষ হয়নি হাবিপ্রবি মেডিকেল সেন্টারের সম্প্রসারণ ভবন

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ চলতি বছরের ১০ জানুয়ারি উদ্বোধন হলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারের সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে ২০১৯ সালের ১ই আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারের সম্প্রসারণ ভবন নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিলো ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় দ্বিতীয় মেয়াদে ২০২১ সালের জুন পর্যন্ত সময় বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে ২০২১ সালের জুন পর্যন্ত নির্মাণ সময় বৃদ্ধি করা হলেও এর আগেই চলতি বছরের ১০ জানুয়ারি চুপিসারে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। ভবনে উদ্বোধনের উদ্বোধনকারীর নাম ফলক লাগিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু উদ্বোধন এবং মেয়াদের জুন মাস চললেও এখনও বৈদ্যুতিক কাজ, মেডিকেল সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার শিক্ষার্থী। নির্ধারিত সময়ে এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে গত বছরের শুরু থেকেই এ হাসপাতাল থেকে সেবা নিতে পারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম জানান, স্যারের মেয়াদ শেষের দিকে হওয়ার জন্য মেডিকেল সেন্টারের নির্মাণ কাজ শেষ না হতেই তিনি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ চাঁদ আলী বলেন, উদ্বোধনটা ভিতরের ব্যাপার, তবে এ মাসেই কাজ শেষ হবে। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, কাজ শেষ করার আগেও উদ্বোধন করা যায়। অনেক সময় ভবনের নির্মাণ কাজ শেষ না হতেই সম্মানিত ব্যক্তিবর্গদের
দ্বারা উদ্বোধন করা হয়ে থাকে। তবে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে চিকিৎসা সেবা প্রদানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সম্প্রসারণ ভবনকে প্রস্তুত করা হচ্ছে এবং ডাক্তারদের নির্দেশনাও দেওয়া হয়েছে। উল্লেখ, মেডিকেল সেন্টারটিকে পাঁচ তলায় উন্নীত করার জন্য পরিকল্পনা করা হয়েছে।প্রাথমিকভাবে এক তোলার কাজ সম্পন্ন করা হবে।এরপর বাজেট সাপেক্ষে বাকী তোলার কাজ সম্পন্ন হবে।সম্প্রসারিত নতুন এই অংশ(১ম তলা) ১২ শয্যা বিশিষ্ট করা হবে। ৩২৪২ স্কয়ার ফিট বিশিষ্ট সম্প্রসারিত নতুন এই ভবনে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক ওয়ার্ডের ব্যবস্থা থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.