প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ৭:৩০ পি.এম
হস্তান্তর করা হলো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদরে ৭ জুন সোমবার দুপুর ১১.৩০ টায় জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য তৈরি স্থায়ী আবাসন হস্তান্তর করেন। ৪০ জনের জন্য রান্নাঘর ও বারান্দা সহ ৪০ টি ঘর, ৪০ টি পাকা পায়খানা, সবার ব্যবহারের জন্য একটি কমিউনিটি ঘর রয়েছে এই প্রকল্পে। এছাড়াও তাদের কর্মসংস্থানের জন্য একটি ৪০ শতাংশের পুকুর, সবজি চাষ উপযোগী বাগান রয়েছে এই প্রকল্পে। ২ একর জমির উপর নির্মিত এই আবাসন প্রকল্পের জমি এর আগেই তাদের মাঝে হস্তান্তর করা
হয়েছে। প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আবাসন প্রকল্পে তাদের থাকার জন্য চৌকি, কাথা, তোষক, বালিস সহ প্রয়োজনীয় সকল আবাবপত্রও বিতরণ করা হয়েছে। এছাড়া মাসখানেক চলার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের প্রদান করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যেই আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য এই আবাসন প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। এই আবাসন তাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিলো।
এছাড়াও আমরা তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে তাদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান উপযোগী করে তোলা হয়েছে। আশাকরি তারাও এ সমাজের সবার মতো মাথা উচু করে বাঁচবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, এনডিসি মিজানুর রহমান, মহিলা সংস্থার চেয়ারম্যান
নাসরিন বেগম ফাতেমা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল বারী চান, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, হিজরা কল্যাণ সংস্থার সভাপতি নিসি সরকারসহ প্রকল্পের সুবিধাভোগী ৪০ জন তৃতীয় লিঙ্গের সদস্য। হস্তান্তর প্রক্রিয়া শেষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং আবাসন প্রকল্পের চত্তরে বৃক্ষ রোপণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.