
রাউজ আলী: পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে পুকুর ভরাটের সময় বালি চাপা পড়ে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম আসাদুল্লাহ (৭) । সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের আজম আলীর ছেলে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সোমবার সকাল ১০ টার দিকে পেঁচাকোলা গ্রামে বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ। এ সময় হঠাৎ পা পিছলে গর্তে পড়ে ড্রেজারে তোলা বালির নিচে চাপা পড়ে নিখোঁজ হয় সে।
এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়। ওসি আরো জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। বালি তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলীর
নেতৃত্বে একটি চক্র প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে আসছে। কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বালি উত্তোলনে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দূর্ঘটনা ঘটছে। এরপরও তাদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয়া হয়নি। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সবুর আলী বলেন, অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালি তোলে। অভিযুক্ত বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন