প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৬:১৪ পি.এম
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে ইসলামী আন্দোলনের মানববন্ধন

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন জেলা শাখার নেতা কর্মীরা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন
চলাকালে টাঙ্গাইল ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক শাহীনুর ইসলাম, সহকারী অর্থ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার
সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। তাই আমরা মানববন্ধন থেকে বলতে চাই অতি দ্রুত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। এছাড়া মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি প্রভাষক রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ,এম সেলিম হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এস এম কামরুল ইসলামসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.