
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আবারও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩০-শে মে (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবরুল বাজারে হত্যাকাণ্ডের শিকার সিহাব উদ্দিন বাবু (৩০) তিনি শাজাহানপুর উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। সাবরুল বাজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে সিহাব উদ্দিন বাবু ঘোষণা অপেক্ষায় থাকা উপজেলা স্বেচ্ছসেবক লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সম্পাদক পদ প্রত্যাশী
ছিলেন। হত্যাকাণ্ডের পর পরই পুলিশ ঘটনাস্থলে ছুৃটে গেলেও তাৎক্ষণিকভাবে কোন মোটিভ জানাতে পারেনি। প্রায় এক বছর আগে শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামাণিক মিস্টারকে কুপিয়ে হত্যা করা হয়। ২০২০ সালের ১৯ জুন শুক্রবার দুপুরে মসজিদে প্রবেশের সময় সংঘটিত ওই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোন কুল-কিনারা হয়নি। এলাকাবাসী জানান, শাবরুল বাজারে সিহাব উদ্দিন বাবুর একটি মাছের আড়ৎসহ কয়েকটি দোকান রয়েছে। প্রতিদিনকার মত রোববার সন্ধ্যার দিকে তিনি শাবরুল বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। এক পর্যায়ে মৃত্যু
নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার জানান, সিহাব উদ্দিন বাবু তার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বলেন, বর্তমানে নতুন কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তবে আংশিক ঘোষিত নতুন কমিটির সাধারণ নুরুজ্জামান জানান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সিহাব উদ্দিন বাবু যুগ্ম সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী ছিলেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, লাশ ময়না তদন্তের জন্য এখনও মর্গে পাঠানো সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শেষ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোন কারণ তিনি জানাতে পারেন নি।