
কিশোরগঞ্জ প্রতিনিধি : মিঠামইনে প্রাইভেট কারের সাথে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আরো দুইজন গুরুতর আহত হয়েছে। হতাহত তিনজনই মোটর সাইকেলের আরোহী।রোববার (১৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ইটনা উপজেলার দিক থেকে একটি প্রাইভেটকার মিঠামইন উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে দুটি মোটর সাইকেল বিপরীত দিক থেকে ইটনা উপজেলার দিকে যাচ্ছিল।
মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী স্থানে মোটর সাইকেল দুটির সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুটিকে দুমড়ে-মুচড়ে যায়।এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটর সাইকেলের এক আরোহীর মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় পাওয়া যায়নি। মিঠামইন থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির রব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।