প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২১, ৯:৫৭ পি.এম
ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

মিজানুর রহমানঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আগামী ছয় দিন বন্ধ থাকছে আমদানি-রফতানি। মঙ্গলবার (১১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় আগামী বুধবার (১২ মে) থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দেয়। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ‘উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকবে। তবে ১৮ মে থেকে যথারীতি আবারও বাণিজ্য শুরু হবে।,
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘ইমিগ্রেশন বন্ধের কোনো নির্দেশনা না থাকলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাইকমিশনের অনুমতি বা এনওসি নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’ বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ‘ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রফতানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমের কার্যক্রম চলমান থাকে।’
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.