প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২১, ২:৪০ পি.এম
টাঙ্গাইলে নৌকা’র এজেন্টের আঙ্গুল কর্তন, আ.লীগ নেতা বহিষ্কার

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভূঞাপুর পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (৩ মে) ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে (আনোয়ার) এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের (কুতুবপুর) বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কাউন্সিলর কে প্রদানকৃত বহিষ্কারাদেশে বলা হয়়, গত ৩০শে জানুয়ারি মোঃ আনোয়ার হোসেন ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রে নিজ স্বার্থ হাসিল করার জন্য নৌকা প্রতিকের এজেন্ট সুচি বেগম ও দলের অন্যান্য নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন এবং একই সাথে নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলেন। যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও জাতীয় সংবাদ পত্রে প্রচার করে এবং সকলের দৃষ্টি গোচর হয়। এতে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী-পুরুষ ভোটাররা। নিজের অবস্থা শোচনীয় দেখে জাল ভোট দিতে যান কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন। অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বাধা দিলে বিপত্তি বাধে, শুরু হয় সংঘর্ষ। লাঠি হাতে নিয়ে নেতৃত্ব দেন সদ্য বিজয়ী কাউন্সিলর আনোয়ার হোসেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আঙুল কেটে ফেলা হয় নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.