প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২১, ২:২৭ পি.এম
পাটগ্রামে হিসাবরক্ষণ কর্মকর্তাকে অবরুদ্ধ করল শিক্ষকরা

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা। গত মঙ্গলবার (৪ মে) দুপুরে পাটগ্রাম উপজেলা চত্তরে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে উন্নীত করেন। ঘোষিত গ্রেড অনুযায়ী দেশের অন্যান্য উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মাধ্যমে সফটওয়্যার আইবাস প্লাস ও পে ফিক্সিশনে তথ্য হাল নাগাদ করে
বেতন উত্তোলন করে। তথ্য হালনাগাদ করতে পাটগ্রাম উপজেলার শিক্ষকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট জমা দেয়। কিন্তু হিসাবরক্ষণ কর্মকর্তা উৎকোচ দাবি করেন। শিক্ষকরা উৎকোচ না দেওয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তা তথ্য হালনাগাদ করেনি। তথ্য হালনাগাদ না হওয়ায় ঈদ সন্নিকট অবস্থায় শত শত শিক্ষকের বেতন ও বোনাস উত্তোলণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে
রাখে। এরপর শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করেও বিক্ষোভ প্রদর্শন করে । পরে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল আশ্বাসে শিক্ষকরা চলে যায়। পানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম প্রামানিক লিবন বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম শিক্ষকদের তথ্য হালনাগাদ না করে হয়রানি করে আসছেন। তাই ক্ষুব্ধ শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে।দুই নং ভোটহাট খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে টাকা ছাড়া কোনো কাজ হয়না। শিক্ষকদের শুধু না হিসাবরক্ষণ কর্মকর্তা মানুষকে মানুষ মনে
করেনা। তিনি টাকাকে প্রাধান্য দেন। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। শিক্ষকদের এনআইডি দিয়ে টেস্ট করেছি। আইবাস ম্যানেজমেন্টের সমস্যা আছে। পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তাকে শিক্ষকদের বেতন, বোনাস উত্তোলণের বিষয়ে অতি দ্রুত সমস্যা সমাধান করার জন্য বলা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.