প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ৯:১৮ পি.এম
টাঙ্গাইলের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটায় ১১ জনের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটায় ১১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ রাতের আঁধারে টাঙ্গাইলের এলেংজানী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র।এতে নদীর উপরের সেতুসহ ভাঙনের হুমকিতে রয়েছে নদীটির দুপাড়। ক্ষতি হলেও চক্রটির ভয়ে নিশ্চুপ ছিল এলাকাবাসী। তবে এবার সেই চক্রের মুলহোতাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে স্বস্তি এসেছে এলাকাবাসীর মনে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই চক্রটির সদস্যদের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। অভিযানে মাটি কাটার
মূল হোতা ঘারিন্দা ইউনিয়নের উত্তর তাড়টিয়া এলাকার উজ্জ্বল মিয়াকে তিন মাস, রায়হানকে সাতদিন ও বাকী ৯ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।'
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.