প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৭:৫৪ পি.এম
ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জোড়া খুন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলা পাড়া গ্রামে অাধিপত্য বিস্তার নিয়ে ধান মাড়াই এর মেশিন কে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আরো আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। ১৭ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে খলাপাড়া গ্রামে ধানের খলায় ধান মাড়াইকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নিহতরা হলেন, খলাপাড়া গ্রামের মৃত শেখ মোতালিব মিয়ার ছেলে মকবুল মিয়া (৪০) ও একই বংশের লুন্দিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে পাভেল (২২)।
গুরুতর আহত ৯ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে গুরুতর আহতদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলো, ইকবাল (৩০), ধন খাইরুল (৩৬), বিপাশা (২৫), শেফালী (৩০), হৃদয় (২৪), খাইরুল (২৪), মুছা (২৪), শিবলী (৩৫) ও কালা মিয়া (৩০)। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে ভৈরব থানা পুলিশ ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ ২ বছর যাবত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ বাড়ির সাথে সিকদার বাড়ির লোকজনের ছোট খাট সংঘর্ষ লেগেই আছে। আজ ১৭ এপ্রিল শনিবার সকালে ধান মাড়াইকে কেন্দ্র করে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে শেখ বাড়ির সাথে সিকদার বাড়ির মঞ্জু মেম্বারের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে শেখ বাড়ির শেখ মোতালিব মিয়ার ছেলে শেখ মকবুল হোসেন নিহত হয়। সংঘর্ষে লুন্দিয়া এলাকার শেখ বাড়ির লোকজন খলাপাড়া ঝগড়ায় জড়িত হলে
ঝগড়া শেষে বাড়ি ফেরার পথে লুন্দিয়া গ্রামের শেখ বাড়ির লোকজনদের উপর বেলা ১২টার দিকে পাগলা বাড়ির লোকজন সিকদার বাড়ির পক্ষ নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শেখ খালেক মিয়ার ছেলে শেখ পাভেল নিহত হয়। নিহত পাভেল ও মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.