প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৩:০৩ পি.এম
করোনা সংক্রমণরোধে সিরাজগঞ্জে শহরের ১০টি প্রবেশ মুখ বন্ধ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সরকারের কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ১০টি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়কগুলোতে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করণের জন্য বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করতেই বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেয়ার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ। এছড়াও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আরও কয়েকটি প্রবেশমুখও বন্ধ হতে পারে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ শহরের বাইরের কোনো উপজেলায় বা বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.