প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ৪:৫১ পি.এম
প্রতিষ্ঠার ২ দশক’ও উপ-উপাচার্য পায়নি হাবিপ্রবি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ প্রতিষ্ঠার ২ দশক অতিবাহিত হলেও এখনো উপ-উপাচার্য (প্রো-ভিসি) পায়নি উত্তরবঙ্গের স্বনামধন্য বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক, আর্থিক ও নানা উন্নয়নমূলক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন থেকেই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হলে গত ৩০ জুলাই ২০১৮ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয় পায় প্রথম কোষাধ্যক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।তবে উপ উপাচার্য পদটি শূন্যই রয়ে গেছে।
জানা গেছে, বছর খানেক আগে উপ-উপাচার্য পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট শাখায় তালিকা পাঠানো হয়েছে।তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আজও পদটি শূন্য রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের আইনের (২০০১) ১২ নং ধারার ১ নং উপধারা স্পষ্টভাবে বলা আছে, (১) চ্যান্সেলর প্রয়োজনবোধে, তত্কর্তৃক নির্ধারিত শর্তে, চার বত্সর মেয়াদের জন্য একজন শিক্ষাবিদকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করিবেন৷(২) চ্যান্সেলরের সন্তোষানুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন৷(৩) প্রো-ভাইস-চ্যান্সেলর সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন৷
আইন থাকলেও প্রতিষ্ঠার ২ দশক অর্থাৎ ২১ বছরেও সেই আইনের বাস্তবায়ন হয়নি। উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য সে কাজ সম্পাদন করতে পারেন কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে পদটি ফাঁকা থাকায় তা হচ্ছেনা। ফলে উপ-উপাচার্যের সকল কাজ করতে হয় উপাচার্যকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক এক প্রশ্নের জবাবে বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড মু আবুল কাসেম মহোদয়ের মেয়াদে একটি তালিকা পাঠানো হয় সংশ্লিষ্ট শাখায়। তারপর এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনপ্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.