হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) তথ্য প্রযুক্তি আইনে জাহিদুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল)  রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ। শিক্ষক জাহিদুল ইসলাম আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রামে হাটহাজারী মাদরাসার ছাত্র ছিলেন।

থানা পুলিশ সূত্র জানান, দু’দেশের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন মাদরাসা শিক্ষক  জাহিদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে রাতেই ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!