হোম » প্রধান সংবাদ » হাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আর নেই

হাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আর নেই

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার। গতকাল (১৮ মার্চ) তিনি পঞ্চগড় গ্রামের বাড়িতে পৌঁছে অসুস্থ বোধ করেন।পরে রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল ও কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাবিপ্রবির জনসংযোগ শাখার কর্মকর্তা কৃষিবিদ মুহিউদ্দিন নুর জানান, রাত ৩ টার দিকে স্যার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও বলেন, স্যার শুধুমাত্র সাবেক রেজিস্ট্রারই ছিলেন না, তিনি জীবনের বিভিন্ন সময়ে হাবিপ্রবিতে এসেছেন। বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভালো কিছু করার ভাবনা সব সময় তার মাঝে ছিল। খুব সহজ সরল ও ভালো মনের একজন মানুষ ছিলেন। সবাই তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। বিকেল ৫ টায় পঞ্চগড়ে স্যারের নামাজে জানাজা পড়ানো হবে।
এদিকে অধ্যাপক ড. মো. সফিউল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. সফিউল আলম ১৯৫২ সালে বর্তমান পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাঠুয়াপাড়া গ্রামে এক সম্ভ্রাান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম তোয়াল্লেদ হোসেন ও মাতা সাহেরা খাতুন। তিনি ১৯৭৮ সালে রাশিয়ার মস্কো’র প্রেট্রিস লুমুম্বা পিপল্স ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে এমএস এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে কৃতিত্বের সাথে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী প্রফেসর ড. মো. সফিউল আলম ১৯৮১ সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৯১ সালে তৎকালীন হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ,দিনাজপুরে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। ২২ আগস্ট ১৯৯৬ থেকে ১৬ জুন ১৯৯৯ পর্যন্ত  তৎকালীন পটুয়াখালি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯৯৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর ডীন হিসেবে যোগদান করেন।এছাড়াও তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭ সালের ১৮মে থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন  করেন। দেশি বিদেশী জার্নালে তাঁর ৬০ টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. মো. সফিউল আলম বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এসেসিয়েশন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানীত সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!