
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সেই আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত ও প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলায় পুলিশের দুই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দুদকের মামলায় আদালতে হাজিরা দিয়েছে নূর হোসেন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। একই দিনে দুদকের মামলায় নারায়ণগঞ্জ এর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত হাজিরা দিয়েছে নুর হোসেন।
প্রথম দুই মামলায় আগামী ২৭ মে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে (বিশেষ ট্রাইব্যুনাল ৯৮/১৪, সেশন নং ১৬৩১/১৫)। এ মামলায় বাকি আসামিরা হলো নুর হোসেনের ভাই নুর উদ্দিন, ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, আলী মোহাম্মদ ও জামাল। এর মধ্যে নুর উদ্দিন ও শাহজালাল বাদল জামিনে রয়েছেন। এরা সবাই এদিন আদালতে উপস্থিত ছিলেন। দুদকের মামলায় পরবর্তী হাজিরা আগামী ২৭ মে (সেশন নং ০২/১১, নারায়ণগঞ্জ সদর থানা নং ৩৮(১১)২)।
সকালে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতের কার্যাদি সম্পন্ন করার পর দুপুর দেড়টার দিকে ফের তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জেসমিন আহমেদ জানান, আজ নূর হোসেনসহ ৫ আসামিকে অস্ত্র ও মাদকের দুটি মামলায় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়। আদালতে সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র গুলি ও মাদক মামলায় তৎকালীন দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় নুর হোসেনসহ অন্যান্য আসামিরাও আদালতে হাজির ছিলো।
নূর হোসেনকে আদালতে নিয়ে আসার বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুর্নীতির মামলায় সকালে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। ঐ ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান