
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি পালিত হয়। এসময় আওয়ামীলীগের সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের জীবনী স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক আবুল মুনসুর, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলে।
জিল্লুর রহমান (জন্ম: ৯ মার্চ, ১৯২৯ – মৃত্যু: ২০ মার্চ, ২০১৩) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে এ যাবৎ দেশের সবকয়টি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জনকারী এই রাজনীতিবিদ বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছেন।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নেন তিনি। একই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতির পিতার হত্যার পর প্রায় চার বছর কারাবন্দি ছিলেন তিনি। আওয়ামী লীগ পুনর্গঠনের পর ১৯৮৪ এবং পরে ১৯৯২ ও ১৯৯৭ সালের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ছাড়াও ২০০২ সালে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
জিল্লুর রহমান ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ছাড়াও ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেপ্তার হলে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা ও দলকে ঐক্যবদ্ধ রাখেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া