প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৮:২৮ পি.এম

বঙ্গবন্ধুর ভাষণ কোনো তোষণ নয়
বাঘের গর্জনে দেশপ্রেমের বর্ষণ,
লাখো জনতার উত্তাল সমুদ্রে
মুক্তিলাভে জীবন বলির মধুর আকর্ষণ।
7ই মার্চের ভাষণ কোনো আপোষ প্রস্তাব নয়
জালিমের বিরুদ্ধে মজলুমের বিস্ফোরণ,
বঞ্চিত-নিপীড়িত-শোষিত মানবের পক্ষে
মহাবীরের কঠোরতম হুশিয়ারি উচ্চারণ।
সেদিনের সে ভাষণ আদৌ আস্ফালন নয়
সর্বাধিনায়কের সর্বোচ্চ বলিষ্ঠ গর্জন,
মা মাটি আর মানুষ রক্ষায়
প্রাণপণ লড়াইয়ের সশস্ত্র জাগরণ।
মহাকাব্যিক সে ভাষণ সাধারণ কোনো সাহিত্য নয়
কাব্য জগতের চূড়ায় রাজসিক আরোহন,
নিরস্ত্রের পক্ষে সশস্ত্র হায়েনার বিরুদ্ধে
কৃষক-শ্রমিক-জনতার আমৃত্য যুদ্ধের পণ।
মুজিবের সে ভাষণ ঘুম পাড়ানির গান নয়
বিক্ষুব্ধ জনতার হৃদয়ে অগ্নি উদগীরণ,
শোষকের বুকে কালবৈশাখী বজ্রাঘাত
অত্যাচারীর পাপিষ্ঠ বুকে ভয়ের কাঁপন।
খোকার সে ভাষণ অনর্থক কোনো কথন নয়
সাড়ে সাত কোটি বাঙ্গালীর স্বপ্নের বুনন,
আতুড় ঘরে যন্ত্রণাকাতর এক প্রসূতি জাতির
শিশু রাষ্ট্র প্রসবের সানন্দ আলোড়ন।
মহাকবির সে ভাষণ কোনো কল্পকাহিনী নয়
দুই দশকের জুলুম-নির্যাতনের সচিত্র বর্ণন,
মানুষরূপী হিংস্র হায়েনা বধে
শান্তিপ্রিয় জনগোষ্ঠীর যুদ্ধের প্রিপারেশন।
স্বপ্নদ্রষ্টার সে ভাষণ নিছক কোনো নিউজ নয়
বিশ্ববাসীর মাধ্যমে শত্রুকে চরমপত্র প্রেরণ,
রক্তের বঙ্গোপসাগর পেরিয়ে হলেও
একটি স্বাধীন দেশের শুভ উদ্বোধন।
মোঃ আসাদুজ্জামান বাচ্চু