হোম » প্রধান সংবাদ » পাহাড়ের মাটি দিয়ে গাইডওয়াল নির্মাণ!

পাহাড়ের মাটি দিয়ে গাইডওয়াল নির্মাণ!

মোহাম্মদ হিজবুল্লাহ, পেকুয়া: টেকসই সড়ক নির্মাণে ইটের গাথুনি দিয়ে তৈরী করা হচ্ছে গাইড ওয়াল। এক পরতা ইটের সাথে অপর পরতা ইটের সংযোগ ঘটাতে ব্যবহার করার কথা বালু সিমেন্ট ও পানির আনুপাতিক মিশ্রণ (মশলা)। কিন্তু বরইতলি মগনামা সড়কের নতুন গাইড ওয়াল নির্মাণে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাহাড়ের মাটি। সরেজমিনে মগনামা বাজারে পশ্চিম পাশে এ চিত্রের দেখা মেলে।
সরেজমিনে আরো দেখা যায়, গাইড ওয়ালে ব্যবহৃত পাহাড়ের মাটিতে রয়েছে বড় বড় পাথর ও গাছের শিকড়সহ অসংখ্য ময়লা আবর্জনা। এদিকে পেকুয়া সদরের ভোলাইয়া ঘোনা এলাকায় রাস্তার উত্তর পাশে সদ্য নির্মাণ করা প্রায় ৪০ মিটার গাইডওয়াল ভেঙ্গে পড়েছে অল্প দিনের ব্যবধানে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে সড়ক নির্মাণে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এন্টারপ্রাইজ গাইড ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে। তাঁদের দায়সারা এ গাইড ওয়াল নির্মাণকাজ টেকসই না হওয়ায় যেকোনো সময় তা ভেঙে যেতে পারে।
মগনামা ইউনিয়নের সড়কে গাইড ওয়াল নির্মাণকাজ তদারকি করছেন জনপথ বিভাগের কার্য সহকারী ওমর ফারুক। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের মৌখিক এবং লিখিতভাবে জানানোর পরেও গাইড ওয়াল নির্মাণে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহার করে যাচ্ছে। বিষয়টি আমি আবারো আমার অফিসকে অবগত করবো।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, নির্মাণাধীন সড়কের মগনামা অংশে গাইড ওয়াল নির্মাণে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছি। এরপরে তাঁরা দুইদিন কাজ বন্ধ রাখে। কিন্তু গত কয়েকদিন ধরে মাটি দিয়ে আবার নির্মাণ কাজ শুরু করেছে।
এব্যাপারে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইকবাল জামিল এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ আশরাফ বলেন, গাইডওয়াল নির্মাণকাজে পাহাড়ের বালু দিয়ে ইটের গাথুনি করার অনুমতি রয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় লোকজনের কাছ থেকে বালু সংগ্রহ করে থাকে। তাই সেখানে মাঝেমধ্যে কিছুটা সমস্যা দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বালু না নিতে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে দেব। তখন আর এ সমস্যা থাকবে না।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!