
রবিউল হাসান লায়ন।জামালপুরঃ টানা চারদিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে জামালপুরের চিকিৎসকরা। বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. মোশায়ের উল ইসলাম এ ঘোষণা দেন।
চিকিৎসকদের কর্মবিরতি, হাসপাতালে বহিরাগতদের হামলা ও ডাক্তার নির্যাতনের ঘটনা নিয়ে বুধবার দুপুরে জরুরি বৈঠকে সভা করেন ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. মো. মোশায়ের উল ইসলাম বলেন, চিকিৎসকের উপর হামলাকারী বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং হাসপাতালে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাসে তারা এই কর্মবিরতি প্রত্যার করে নেন।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেন, ডাক্তাররা যে কর্মবিরতি পালন করেছে আজ থেকে তা প্রত্যাহার করে নিয়েছেন। একই সাথে তারা স্ব স্ব কাজে যোগদান করে জনগনের স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবেন। এমপি বলেন, আলোচনায় সর্বসম্মতিক্রমে ডাক্তারদের যে দাবিগুলো উপস্থাপন করেছে আমরা তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। এমপি ডাক্তারদের উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, হাসপাতালে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে একজন নারী রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে ডাক্তার ও ইন্টার্ন ডাক্তারদের সংঘর্ষ এবং জরুরি বিভাগে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা হলে পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। হামলার ঘটনায় গত রোববার থেকে চিকিৎসকরা কর্মবিরতি পালন করে আসছিল।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল