
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে মিন্টু মিয়া (৩৫) নামের এক যুবককে রাস্তার উপর ফেলে এলোপাথাড়িভাবে কুপিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ঝুমপাড়া এলাকায় এ ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত মিন্টু মিয়া বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আহমেদ হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দারা বলেন, ঝুম পাড়া এলাকার নুরুল কবিরের সাথে মোঃ খোকনের মধ্যে টৈটং ছড়া থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে নিহত মিন্টুসহ একদল যুবক খোকন পক্ষের জয়নালের বাড়িতে গিয়ে শাসায়। এসময় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও ভাই হাবিবউল্লাহ আহত হয়েছেন।
পরে জয়নালের পক্ষের লোকজন মিন্টুকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কানন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান