
আজিজুর রাহামানঃ সদ্য পরিবার থেকে এক অজানা পরিবারে আসা! কতই না স্বপ্ন ও ভয় নিয়ে এসেছিলাম আমরা।জীবনের প্রথম ক্যাম্পাস এবং আমরাই প্রথম ব্যাচ।নেই বিভাগের বড় ভাই-বোন।কিভাবে কি করবো ভেবেই শরীরে কাটা দিয়ে উঠত। ৫০১ নং ক্লাস রুমে ১১৬ জনের ভালবাসার বন্ধনে নিমিষেই বিরক্তিকর ভয়টা ছুটে গেলো।
-হুম বলছিলাম, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের কথা।
দিনটা ছিল ২৪ ফেব্রুয়ারি ২০১৬ সালের রোজ বুধবার! বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম শিক্ষক ও বন্ধুদের সান্নিধ্যে আসার জন্য অধীর আগ্রহ। কে হবে আমার প্রথম বন্ধু? সহপাঠীরাই বা কেমন হবে? সবাই কি পড়ুয়া হবে? চোখে মোটা ফ্রেমের চশমা থাকবে? কোন বেঞ্চে বসবো? হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছিলো সবার মনে। হাজারো অদৃশ্য ভালবাসায় কেউ কারো পরিচিতি না হওয়ার পরও সবাই সবার সাথে মিলিয়ে রাঙ্গিয়ে তুললাম প্রথম ক্লাস। পেলাম বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বন্ধুত্বের আলিঙ্গন।
বিভাগীয় শ্রদ্ধেয় শিক্ষকদের উপস্থিততে কেক কেটে শুভ সূচনা হল একসাথে পথ চলার। সাথে জীবন গড়ে তুলবার নতুন প্রত্যয়। ধীরে ধীরে অপরিচিত মুখগুলো পরিচিত থেকে বন্ধুত্বে এবং বন্ধুত্ব থেকে রূপ নিল ১১৬ জনের পরিবার!
শুরু হল ৫০১ নং ক্লাসরুমে বন্ধুত্বের বন্ধন,ক্লাস-পরিক্ষা ,এসাইনমেন্ট, মাঠ পর্যায়ে গবেষণার জন্য উন্মুক্ত আলোচনা, মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়া, আড্ডাবাজি ,গান, কৌতুক, কবিতা ও গল্পে মেতে থাকতো প্রতি মুহূর্ত। চলতো ক্লাসরুমকে সাজানোর প্রতিযোগিতা। তাই আমাদের নিজস্ব ব্যবহারিক কর্ম দিয়ে রাঙ্গিয়ে তুলেছি প্রাণের ৫০১ ! রুমে যে কেউ আসলে বুঝতে বাকি থাকবে না যে আমি সমাজবিজ্ঞান বিভাগের ৫০১ নং ক্লাসরুমে এসেছি।
দেখতে দেখতে বিদায়ের দ্বার প্রান্তে এসেছি আমারা। পূর্ণ হতে চলেছে ৫০১ নং ক্লাসরুমের বন্ধুত্বের ৪টি বছর একসাথে পথ চলার!