প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২০, ৪:১৫ পি.এম
ভৈরবে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২০ উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ভৈরবের শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান পরিসংখ্যান কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম ও ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ প্রমুখ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আনসার বিডিপি কর্মকর্তা আজিজুর রহমান ও সাংবাদিক বৃন্দ।
নানা প্রতিকুল অবস্থা পেড়িয়ে জীবন সংগ্রামে সফল জননী হিসেবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী নাবিলা মরিয়ম, সফল জননী নারী আনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী জলি বর্মন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী রেখা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন যে নারী ওয়াহিদা আমিন পলি কে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানেরঅতিথি বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তারা মহিয়ষী নারী বেগম রোকেয়ার সফলতার জীবন কাহিনী আলোচনার মাধ্যমে যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে আগামী প্রজন্মকে সাহসিকতার সাথে মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.