
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের দিয়ে স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আলহাজ্ব মোঃ খলিলুর রহমান নামে এক ব্যক্তি। এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খলিলুর রহমান ও তার পরিবার পরিজন অভিযোগ করেন, দুর্গাপুর গ্রামের প্রতিপক্ষ বাবুল হোসেন মাষ্টার ও তার ভাই আঃ কাদের, ফায়ার সার্ভিসে চাকুরীজীবী জলিল সহ বালিয়াডাঙ্গী উপজেলা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে পাকা ঘর গুঁড়িয়ে দিয়েছে। একযুগ আগে নির্মাণ করা বাথরুম, গবাদি পশুর রক্ষণাবেক্ষণের পাকা স্থাপনা ভেঙে দেয় তারা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যায়ভাবে পাকা স্থাপনা ভেঙে নিজেদের প্রভাব দেখিয়েছে তারা।
তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশকে ফোন করলে তারা ঘটনার ৪ ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন খুলিলুর রহমান।
প্রতিপক্ষ বাবুল হোসেন জানান, চলাচলের রাস্তা দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি নিয়ে শালিস-বৈঠক বসার পর বাথরুমের স্থাপনা নিজেরাই ভেঙ্গে ফেলবেন বলে কথা দেন খলিলুর রহমান। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা না করায় আমরা বাধ্য হয়ে লোকজনকে নিয়ে পাকা স্থাপনা ভেঙে দিয়েছি।
এ ঘটনার জেরে উভয় পক্ষই আইনের আশ্রয় নেবেন বলে জানান। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি হাবিবুল হক প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তারা পরিদর্শন করে এসেছেন। কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান