গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই বালু ব্যবসায়িকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম এলাকার নাগর নদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের হাকিম ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বালু ব্যবসায়ি উপজেলার কুন্দ্রগ্রামের আজাহার আলীকে (৪০) সাত দিন এবং অপর ব্যবসায়ি একই উপজেলার বাগিচা পাড়া গ্রামের আমিনুল ইসলামকে (৩০) তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নাগর নদ থেকে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদালত অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে এবং দুই জনকে কারাদন্ড প্রদান করেছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, সাজাপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।