
সাংবাদিকতার ভূয়া কার্ড বানানোর চেষ্টাকালে মিন্টু শিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হক সুপার মার্কেটের এম.আর. গ্রাফিক্স অ্যান্ড কম্পিউটার দোকানে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কার্ড বানানোর জন্য চাপ সৃষ্টির সময় আটক করা হয় তাকে। সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার রুস্তম আলীর বাড়ির ভাড়াটিয়া মিন্টু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বজলু শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিন্টু শিকদার অতিরিক্ত পুলিশ কমিশনারের ড্রাইভার সোহেল রানার আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে মাইটিভির পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড বানানোর জন্য দোকানাদারকে চাপ প্রয়োগ করে। দোকানের মালিক রিয়াদ হোসেন রাজি না হওয়ায় তার সঙ্গে খারাপ ব্যবহার করে মিন্টু। এ সময় আশেপাশের দোকানদাররা মিলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড ও আইডি কার্ড করার সময়ে স্থানীয়দের সহযোগিতায় মিন্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন আছে।